জাতীয়

শিশু রামিসা হত্যা: ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২৪ মে – রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি এই ঘটনায় আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকারকে দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন।

আজ রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

এ ধরনের অপরাধ দমনে সরকার কঠোর অবস্থান গ্রহণ করছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীকে মাত্র সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজই মামলার চার্জশিট দাখিল করা হবে এবং সংক্ষিপ্ত সময়ে বিচার প্রক্রিয়া শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

রাজধানীতে প্রায় ৮০ হাজার মাদক সংক্রান্ত মামলা ঝুলে থাকার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, অফলাইন ও অনলাইন জুয়া বা বেটিং প্রতিরোধে সরকার নতুন আইন প্রণয়ন করছে। এ লক্ষ্যে ১৮৬৭ সালের পুরনো আইনের প্রয়োজনীয় সংস্কার করা হবে এবং আগামী সংসদ অধিবেশনেই তা উত্থাপন করা হবে।

ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন এবং ভারত তাকে এই চুক্তির আওতায় ফেরত দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language