জাতীয়

হজের আগেই সৌদি আরবে ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঢাকা, ২৪ মে – সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, মৃত্যুবরণকারীদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।

রোববার হজ অফিস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স এই তথ্য নিশ্চিত করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সর্বমোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন সৌদি আরব গিয়েছেন।

এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য হিসেবে আরও ৭৭৪ জন সেখানে অবস্থান করছেন।

হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।

যাত্রী সংখ্যা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসে ১২ হাজার ১৫৭ জন যাত্রী সৌদি আরব গিয়েছেন। উল্লেখ্য যে, আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি গমনের যাত্রা গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

এনএন/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language