জাতীয়

আসিফ মাহমুদের বিরুদ্ধে সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদনের অভিযোগ প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৩ মে – অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়াই জোরপূর্বক ফাইল অনুমোদনের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী জানান, একটি ফাইল তার নজরে এসেছে যেখানে রুলস অব প্রসিডিউর এবং রুলস অব বিজনেস লঙ্ঘন করে সচিবের স্বাক্ষর ব্যতিরেকেই উপদেষ্টা নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। আইন অনুযায়ী মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের স্বাক্ষর ছাড়া কোনো মন্ত্রী বা উপদেষ্টা ফাইল অনুমোদন করতে পারেন না।

পিরোজপুরের অবকাঠামো উন্নয়ন ও দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত ১৫ থেকে ১৭ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ইতোমধ্যে পিরোজপুরে ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটে উঠেছে।

বিগত সরকারের সময় কোনো কাজ সম্পন্ন না করেই শুধু ভুয়া বিল তৈরি করে কোষাগার থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে টেন্ডার ও ওয়ার্ক অর্ডারের পরপরই বিল পরিশোধ করা হয়েছে, যার সঙ্গে তৎকালীন প্রভাবশালী সচিব ও কর্মকর্তারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত ঠিকাদারদের অধিকাংশই বর্তমানে দুবাইসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছেন।

পিরোজপুরের অনেক প্রকল্প রাতের অন্ধকারে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

দুর্নীতির একটি বড় উদাহরণ হিসেবে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর কথা উল্লেখ করে তিনি জানান, সেখানে কোনো সংযোগ সড়ক নেই। ফলে স্থানীয় জনগণ মই দিয়ে ওই সেতুতে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, ঈদের পর একটি বিশেষ প্রতিনিধি দল পিরোজপুর পরিদর্শন করবেন। দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন প্রকল্পের বাইরে থাকা রাস্তা ও সেতুগুলোর সংস্কার কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুষ্ক মৌসুম থেকেই এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে।

এছাড়া ইজিবাইক বা বৈদ্যুতিক যানবাহনের শৃঙ্খলার জন্য নতুন আইন করা হচ্ছে। বুয়েট কর্তৃক নকশা অনুমোদন হলে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এসব যানবাহনের নিবন্ধন দিতে পারবে।

এনএন/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language