রাজধানীতে নিবন্ধনের বাইরে কোনো রিকশা বা হকার থাকবে না: ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ২৩ মে – ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা ও হকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত এক সংলাপে তিনি এই মন্তব্য করেন।
নগর সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার এবং প্রকৌশলী মো. নুরুল্লাহ। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নদীভাঙা বা কর্মহীন মানুষ ঢাকায় এসে কোনো লাইসেন্স বা ফি ছাড়াই রিকশা চালানো শুরু করছে। এভাবে একটি আন্তর্জাতিক মানের শহর পরিচালনা করা সম্ভব নয়।
তিনি জানান, এখন থেকে রাজধানীতে কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকতে পারবে না। কোথায় কতজন হকার বসতে পারবেন তার সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে হলিডে মার্কেট চালুর পরিকল্পনাও রয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশাসক বলেন, জুলাইয়ের গণ-আন্দোলনের পর তিন মাস হলো নতুন সরকার দায়িত্ব নিয়েছে। একটি সুস্থ গণতন্ত্রের জন্য সরকারকে অন্তত দুই থেকে তিন বছর সময় দিতে হবে। রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল বলেন, ৫৪ বছর আগে ঢাকা শহরে প্রায় ৫০টি প্রাকৃতিক খাল ও লেক ছিল।
এখন অধিকাংশ বিলীন হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, ২০৫০ সালে ঢাকার জনসংখ্যা ৪ কোটিতে পৌঁছাতে পারে। তাই দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হাসান ইমনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এস এম/ ২৩ মে ২০২৬









