বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন তামিম ইকবাল

ঢাকা, ২১ মে – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী মাসের ৭ তারিখ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে নিজের নির্বাচনী পরিকল্পনা ও ভাবনার কথা জানান তিনি।
তামিম ইকবাল জানান যে,
ভোটারদের কাছে গিয়ে তিনি তার লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করবেন। তিনি বলেন ভোটারদের সাথে মিশে তাদের বোঝাতে হবে যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার ভাবনা কী। নির্বাচনে জয়ী হতে হলে সঠিক পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার গুরুত্বও তুলে ধরেন তিনি।
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে নিজেকে নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছেন তামিম। তিনি জানান বর্তমানে তিনি কোনো দাপ্তরিক চিঠিতে স্বাক্ষর করছেন না এবং কাউন্সিলরশিপ রিটার্ন করার মতো কাজ থেকেও বিরত আছেন। পুরো বিষয়টি এখন নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত।
একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের আশা প্রকাশ করে তামিম বলেন সবাই যেন নিজ নিজ জায়গা থেকে ভোটে অংশ নেয়। একটি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধিরা উঠে আসবে বলেই তিনি বিশ্বাস করেন।
এস এম/ ২১ মে ২০২৬









