দেশে পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে

ঢাকা, ১৮ মে – বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান যে কক্সবাজার জেলার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
সেই অনুযায়ী আগামী মঙ্গলবার অর্থাৎ ১৯ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন পালিত হবে ২৭ মে এবং তার পরদিন ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এস এম/ ১৮ মে ২০২৬









