নেত্রকোনা

নেত্রকোনায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪২ জন

নেত্রকোনা, ১৮ মে – নেত্রকোনায় কোনো প্রকার ঘুষ বা অতিরিক্ত খরচ ছাড়াই মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৪২ জন তরুণ-তরুণী। মাসব্যাপী নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া এই প্রার্থীদের মধ্যে দুই জন নারীও রয়েছেন।

গত রবিবার দিনব্যাপী মৌখিক পরীক্ষা শেষে রাত ১০টার দিকে জেলা পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে এক আনন্দঘন ও আবেগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তীর্ণদের মধ্যে অধিকাংশই হতদরিদ্র ও সাধারণ পরিবারের সন্তান।

কেউ কৃষকের ছেলে, কেউ শ্রমিকের সন্তান, আবার কেউ এতিমখানা থেকে বড় হওয়া লড়াকু। দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিতে নিয়োগ পেয়ে অনেকেই আনন্দে কান্নায় ভেঙে পড়েন। জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম এবং সদর সার্কেল স্বজল কান্তি সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, পুরো নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। কোনো প্রকার অনৈতিক লেনদেন ছাড়াই কেবল যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়,

চলতি বছরের ৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। মোট ৩ হাজার ১০৮ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। শারীরিক সক্ষমতা, লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে চূড়ান্তভাবে ৪২ জনকে নির্বাচিত করা হয়। উত্তীর্ণ প্রার্থীদের রাতেই জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language