১২ মামলাতেই জামিন বহাল, সাবেক মেয়র আইভীর মুক্তিতে আর বাধা নেই

ঢাকা, ১৭ মে – নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তির পথ সম্পূর্ণ পরিষ্কার হলো। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা আরও দুটি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। এর ফলে আইভীর বিরুদ্ধে হওয়া মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল থাকায় এখন তার জেল থেকে মুক্ত হতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
চেম্বার আদালতে এই দুই মামলায় জামিন বহাল থাকার পর ডা. আইভীর প্রধান আইনজীবী মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে বলেন, “সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই। তাকে যেন রাজনৈতিক বা অন্য কোনোভাবে আর নতুন করে হয়রানি না করা হয়, সে বিষয়ে আগেই রুল জারি করেছেন হাই কোর্ট।”
২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে ঘটে যাওয়া হত্যা ও সহিংসতার ঘটনায় সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছিল।
আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পৃথক ১০টি মামলায় গত ১০ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আইভীকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রাখে। ওই ১০ মামলায় জামিন পাওয়ার পরপরই তাকে নতুন করে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরবর্তীতে গত ৩০ এপ্রিল হাই কোর্ট সেই দুই মামলাতেও তাকে জামিন দেয়। আজ রোববার চেম্বার আদালত সেই জামিনের ওপর রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশের আবেদন খারিজ করে হাই কোর্টের আদেশই বহাল রাখেন।
আইনজীবীরা জানিয়েছেন, আদালতের জামিনের সমস্ত কাগজপত্র আজ রাতেই সংশ্লিষ্ট কারাগারে পাঠিয়ে দেওয়া হবে এবং সব আনুষ্ঠানিকতা শেষে আগামীকালই ডা. সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হতে পারেন।
এনএন/ ১৭ মে ২০২৬









