জাতীয়

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, জুনের প্রথম সপ্তাহেই ফিরতে পারেন দেশে

ঢাকা, ১৬ মে – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার এই উন্নতি লক্ষ্য করা গেছে।

আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আফরোজা আব্বাস বলেন যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি প্রতিদিন হাসপাতালের অভ্যন্তরে হুইলচেয়ারে করে কিছু সময় চলাচল করছেন। মালয়েশিয়ায় অবস্থানরত দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত তাকে দেখতে হাসপাতালে আসছেন এবং তিনি তাদের সঙ্গে কথা বলছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশ বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language