ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন: মিলছে ২৫ মে’র টিকিট

ঢাকা, ১৫ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম আজ তৃতীয় দিনে পদার্পণ করেছে। আজ ১৫ মে শুক্রবার সকাল থেকে পাওয়া যাচ্ছে ২৫ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট।
নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। উল্লেখ্য যে গত ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় যা টানা পাঁচ দিন চলবে।
আগামী ১৬ মে বিক্রি হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে মিলবে ২৭ মে’র টিকিট। ঈদযাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
একজন যাত্রী তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম এই টিকিটগুলো ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছে রেলওয়ে।
এস এম/ ১৫ মে ২০২৬









