বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস জিজি

ঢাকা, ১৫ মে – বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম (Bikroy.com) কিনে নিয়েছে নাইজেরিয়াভিত্তিক প্রতিষ্ঠান জিজি (Jiji)। বিক্রয় ডট কমের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
বিজনেস ইনসাইডার আফ্রিকার তথ্য অনুসারে, ২০২৫ সালের মার্চে বাংলাদেশে নিজেদের কার্যক্রম শুরু করে জিজি। বাজার সম্প্রসারণের অংশ হিসেবে তারা অল্প সময়ের মধ্যেই বিক্রয় ডট কমকে নিজেদের অধীনে নিয়ে আসে। জিজি বর্তমানে আফ্রিকার নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া ও ইথিওপিয়ার মতো দেশগুলোতে অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা করছে।
জিজির দাবি অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মে বার্ষিক ৯ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং বছরে প্রায় ৭০ বিলিয়ন ডলারের লেনদেন সম্পন্ন হয়। অন্যদিকে, ২০১২ সালে যাত্রা শুরু করা বিক্রয় ডট কম বাংলাদেশের অন্যতম বড় অনলাইন ক্লাসিফায়েড প্ল্যাটফর্ম।
ইলেকট্রনিক্স, যানবাহন ও প্রপার্টিসহ প্রায় ৫০টির বেশি ক্যাটাগরিতে পণ্য ও সেবা কেনাবেচার সুযোগ দিয়ে এটি দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে। মালিকানা পরিবর্তন হলেও আপাতত বিক্রয় ডট কম নামেই প্ল্যাটফর্মটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এখনই ব্র্যান্ডের নাম পরিবর্তনের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাদের নেই।
এস এম/ ১৫ মে ২০২৬









