একনেক সভায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

ঢাকা, ১৩ মে – জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে প্রায় ২০৫ কোটি টাকা ব্যয় করা হবে। সভায় জানানো হয় যে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে। এছাড়া একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো,
- চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন এবং জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উন্নয়ন কাজ।
- এছাড়া হাই টেক সিটি ২ এর অবকাঠামো নির্মাণ ও সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যার সমাধানে ব্যারাক কমপ্লেক্স নির্মাণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
- চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের কাজও এই অনুমোদনের অন্তর্ভুক্ত।
- এর পাশাপাশি ময়মনসিংহ জিলা স্কুলের উন্নয়ন এবং বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাঁটিতে ব্যারাক নির্মাণের প্রকল্প সম্পর্কেও সভায় সকলকে অবহিত করা হয়।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রকল্পগুলোর কারিগরি ও অর্থনৈতিক দিক তুলে ধরেন।
এস এম/ ১৩ মে ২০২৬









