পশ্চিমবঙ্গের সীমান্ত বেড়া নির্মাণে ঢাকার কড়া বার্তা: কাঁটাতারে ভয় নেই

ঢাকা, ১১ মে – পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ নেই। এ দেশের সাধারণ মানুষ কিংবা সরকার কেউই কাঁটাতারকে ভয় পায় না। যেখানে প্রয়োজন সেখানে বাংলাদেশ অবশ্যই নিজের অবস্থান পরিষ্কার করবে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
এর আগে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার তাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দেয়। অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রাজ্য সরকার।
বিজেপি তাদের নির্বাচনী প্রচারণায় সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ ইস্যুটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। সদ্য সাবেক তৃণমূল সরকারের বিরুদ্ধে সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগ তুলেছিল দলটি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো রক্ষায় এই পদক্ষেপ জরুরি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে নির্ধারিত সময়ের মধ্যে জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে যার অর্ধেকের বেশি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি।
এনএন/ ১১ মে ২০২৬









