ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন ধাপে গার্মেন্টস ছুটি ও মহাসড়কে ৬৯টি মোবাইল কোর্ট

ঢাকা, ১১ মে – বিগত ঈদযাত্রার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে যানজট ও যাত্রী ভোগান্তি কমাতে এবার তিন ধাপে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ঈদযাত্রা বিষয়ক এক বিশেষ ব্রিফিংয়ে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এবারের ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ত্যাগ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সম্ভাব্য যানজট এবং পশুর হাটের চ্যালেঞ্জ মোকাবিলায় বাসের সংখ্যা বাড়ানোসহ মহাসড়কে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণহানির কথা স্মরণ করে মন্ত্রী জানান, এবার দুর্ঘটনা রোধে সরকার সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করবে। ফেরীতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া এবং সদরঘাটে নৌযানে ওঠার ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করা হবে।
নিরাপত্তা নিশ্চিতে সদরঘাটে পর্যাপ্ত নৌ পুলিশ মোতায়েন করা থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এনএন/ ১১ মে ২০২৬









