জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ ও সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ১১ মে – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার বিকেলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে এবং অন্যান্য বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বুধবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী কয়েক দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এনএন/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language