প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১১ মে – প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদানকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা কেউ চিরস্থায়ী নই। এটি যেমন অতীতে প্রমাণিত হয়েছে, তেমনি পৃথিবীর সব দেশেও এটি স্বীকৃত সত্য।
একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্য চিরস্থায়ী নয়। একটি সমৃদ্ধ, স্বনির্ভর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, একজন নাগরিক হিসেবে এবং মানুষ হিসেবে আপনাদেরও এই আকাঙ্ক্ষার প্রতিফলন চাওয়া উচিত। এটি কেবল একটি স্লোগান নয়, বরং একটি লক্ষ্য যা সরকার বাস্তবায়ন করতে চায়।
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করলেই একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। তিনি কর্মকর্তাদের পেশাদার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। কেবল পছন্দের পোস্টিং বা পদোন্নতির প্রত্যাশা পেশাদারিত্বের পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেই গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে।
এতেই একটি দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন গড়ে উঠবে। জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুলিশের ওপর মানুষের নির্ভরতা তৈরি হলে মব ভায়োলেন্সের মতো সমস্যা মোকাবিলা করা সহজ হয়। দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদী শাসনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক অবস্থান তৈরি করেছে।
পুলিশ যেন সত্যিকারের জনবান্ধব এবং মানুষের আস্থার প্রতীক হয়, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। যে অপরাধ করবে তাকে অপরাধী হিসেবেই গণ্য করতে হবে।
পুলিশ কোনো ব্যক্তি বা দলের পরিচয় নয়, বরং আপনারাই আইনের রক্ষক। বর্তমান সময়ের আধুনিক অপরাধ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের প্রযুক্তিগত জ্ঞান ও বহুমুখী দক্ষতায় সমৃদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে পুলিশ বাহিনীর নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সততা, মেধা এবং দক্ষতাই মূল নীতি হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এস এম/ ১১ মে ২০২৬









