মা দিবসে মায়ের সেই রক্তাক্ত স্মৃতি মনে করে আবেগপ্রবণ তৌসিফ মাহবুব

ঢাকা, ১০ মে – মা দিবস উপলক্ষ্যে নিজের শৈশবের এক বেদনাবিধুর ও আবেগঘন স্মৃতি ভাগ করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন আজকের তৌসিফ মাহবুব হয়ে ওঠার পেছনে তার মায়ের অসামান্য অবদানের কথা।
১৯৯৮-৯৯ সালের এক শীতের সন্ধ্যার ঘটনা স্মরণ করে তৌসিফ জানান, তখন তিনি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তেন। প্রতিদিন স্কুল ছুটির পর পরিবারের কেউ তাকে নিতে আসলেও সেদিন সন্ধ্যা পর্যন্ত কেউ না আসায় তিনি একা দারোয়ানের কক্ষে অপেক্ষা করছিলেন। সেই সময় ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীদের বেশ উপদ্রব ছিল।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর তার মা রিকশা নিয়ে স্কুলে পৌঁছালে তৌসিফ অভিমান করে রাগ প্রকাশ করেন। কিন্তু রিকশাচালক জানান যে, আসার পথে ছিনতাইকারীরা তার মায়ের পেটে ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নিয়েছে।
রক্তাক্ত অবস্থায় কোনো হাসপাতালে না গিয়ে মা সরাসরি স্কুলে ছুটে গিয়েছিলেন তার সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে। মায়ের এই অসীম ত্যাগের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, ছোটবেলা থেকেই মা তাকে নিয়ে এমন অসংখ্য প্রতিকূলতা পার করেছেন। মায়ের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসার ফলেই তিনি বর্তমান অবস্থানে আসতে পেরেছেন।
বিশ্বের সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তৌসিফ তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেন।
এনএন/ ১০ মে ২০২৬









