হরমুজ প্রণালি পারাপারে মার্কিন নিষেধাজ্ঞা মানলে সমস্যার হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১০ মে – ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা যেসব দেশ মেনে চলবে, হরমুজ প্রণালি পার হওয়ার সময় সেসব দেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। রোববার ইরানের সামরিক কর্মকর্তা মোহাম্মদ আকরামিনিয়া এই কড়া বার্তা প্রদান করেন। চলতি মাসের শুরুতে ইরানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে তেহরানকে কোনো অর্থ না দেওয়ার জন্য জাহাজগুলোর প্রতি সতর্কতা জারি করে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে প্রণালিটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানি সামরিক কর্মকর্তা আকরামিনিয়া বলেন, যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা অনুসরণ করবে, তারা হরমুজ প্রণালি অতিক্রমের সময় নিশ্চিতভাবেই সমস্যার সম্মুখীন হবে।
তিনি জানান, ইরান এই জলপথে একটি নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে এবং এখন থেকে যেকোনো জাহাজ পার হতে চাইলে তাদের সঙ্গে সমন্বয় করতে হবে। এই নতুন ব্যবস্থা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে যা ইরানকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে লাভবান করবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজিও একই ধরনের সতর্কতা দিয়েছেন।
তিনি বাহরাইনসহ অন্যান্য ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে সতর্ক করে বলেন যে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে দাঁড়ালে তার পরিণাম ভয়াবহ হতে পারে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের বড় একটি অংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবিত যেকোনো খসড়া প্রস্তাবে ভেটো দিতে প্রস্তুত রয়েছে।
এস এম/ ১০ মে ২০২৬









