আইন-আদালত

হামে শিশু মৃত্যু: প্রতিটি পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা, ১০ মে – হামে আক্রান্ত হয়ে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রোববার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব এই রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে রিটে উল্লেখ করা হয় যে, গত ৫৫ দিনে হাম ও এর উপসর্গ নিয়ে দেশে ৩৫২ জন শিশুর প্রাণহানি ঘটেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দৈনিক গড়ে ৬ জন শিশুর মৃত্যু হচ্ছে, যা গত এক সপ্তাহে বৃদ্ধি পেয়ে ১০ জনে দাঁড়িয়েছে।

সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসার আশ্বাসের মধ্যেই মৃত্যুর সংখ্যা দেড়গুণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা বিভাগে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি এবং রংপুর বিভাগে সবচেয়ে কম।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পরিসংখ্যানেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। নতুন আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট এবং শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখতে সরকার তদন্ত শুরু করেছে। এ ক্ষেত্রে কারও কোনো গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা এবং অত্যধিক গরমে ভাইরাসের দ্রুত বিস্তার এই পরিস্থিতির অন্যতম কারণ হতে পারে। শিশুর শরীরে জ্বর ও র্যাশ দেখা দিলে কোনো প্রকার বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language