৪১৩ রানে অলআউট বাংলাদেশ, মুশফিকের রেকর্ডের দিনে আব্বাসের ৫ উইকেট

ঢাকা, ৯ মে – মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ দিকে তাসকিন আহমেদের কার্যকর ব্যাটিংয়ে চারশ রানের গণ্ডি পার করে স্বাগতিকরা। আগের দিনের ৪ উইকেটে ৩০১ রান নিয়ে খেলতে নামা টাইগাররা দ্বিতীয় দিনে মাত্র ১১২ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে।
দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭১ রান করেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। নিজের ৩৯তম জন্মদিনে ১৭৯ বলের এক ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। আটটি চারের সাহায্যে সাজানো এই ইনিংসের মাধ্যমে মুশফিক টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন। একই সাথে তিনি বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৪২টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার নতুন রেকর্ড গড়েন।
দিনের শুরুতে মুশফিককে ভালো সঙ্গ দেন লিটন দাস। শাহিন শাহ আফ্রিদির এক ওভারে টানা তিনটি চার মেরে দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। মুহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দেওয়ার আগে ৬৭ বলে ৩৩ রান করেন লিটন। এরপর দ্রুত বিদায় নেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মধ্যাহ্নভোজের বিরতির পর শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক।
শেষ দিকে তাসকিন আহমেদ ১৯ বলে ২৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহকে শক্ত অবস্থানে নিয়ে যান। তিনটি চার ও একটি ছক্কায় সাজানো তার এই ইনিংসে ভর করেই বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। পাকিস্তানের পক্ষে পেসার মুহাম্মদ আব্বাস ৯২ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ পাঁচ উইকেট প্রাপ্তি। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ৩টি উইকেট লাভ করেন।
এস এম/ ৯ মে ২০২৬









