মধ্যপ্রাচ্য

ইনস্টাগ্রামে নেতিবাচক মন্তব্য করে আরব আমিরাতে নারী আটক

আবুধাবি, ৯ মে – সংযুক্ত আরব আমিরাতের আজমানে ইনস্টাগ্রামে একটি মন্তব্যের জেরে এক নারীকে বিমানবন্দরে আটক করা হয়েছে। ইমিগ্রেশন পার হওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে পারে যে ওই নারীর বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা রয়েছে এবং তিনি পুলিশের ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

দেশটির পুলিশের স্ট্র্যাটেজি অ্যান্ড পারফরম্যান্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল ডক্টর মোহাম্মদ বিন হাজিম আল সুওয়াইদি জানান যে ওই নারী স্বামী ও সন্তানদের সঙ্গে আমিরাতে ফিরেছিলেন। বিমানবন্দরে তাকে আলাদা করে আটক করা হলে পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন। কর্তৃপক্ষ পরে তাকে জানায় যে তার বিরুদ্ধে আজমানে একটি মামলা রয়েছে এবং সেখানেই তাকে স্থানান্তর করা হবে।

পরিবারের অন্য সদস্যদের যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও আটক নারীকে এক রাত হেফাজতে রাখা হয়। ঘটনার সূত্রপাত হয় ইনস্টাগ্রামের একটি মন্তব্য থেকে। এক নারী একটি বিলাসবহুল হ্যান্ডব্যাগ হাতে ছবি পোস্ট করলে আটক হওয়া নারী সেখানে ব্যাগটি নকল বলে মন্তব্য করেন।

এরপর ওই পোস্ট ঘিরে বিদ্রূপ শুরু হলে ছবির মালিক সম্মানহানির অভিযোগে মামলা করেন। পরবর্তীতে উভয় পক্ষের আপসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হলেও পুলিশ সতর্ক করেছে যে অভিযোগ প্রত্যাহার না হলে সাইবার অপরাধ আইনে বড় জরিমানা ও কারাদণ্ড হতে পারত। বর্তমানে আইনি প্রক্রিয়া সহজ করতে পুলিশ রিমোট বেল বা দূরবর্তী জামিন সেবা চালু করেছে।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language