জাতীয়
দেশের ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ঢাকা, ৮ মে – দেশের পাঁচটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা ও নৌ চলাচল সচল রাখতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
এস এম/ ৮ মে ২০২৬









