রাজধানীর বাজারে সবজির চড়া দাম, বিপাকে সাধারণ ক্রেতারা

ঢাকা, ৮ মে – টানা বৃষ্টি, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি এবং মৌসুম শেষ হওয়ার অজুহাতে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি এখন ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া সবজির তালিকায় রয়েছে কাঁকরোল, শসা ও বেগুন। প্রতি কেজি গোল বেগুন এবং দেশি শসা ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া পটল ৮০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ১০০ টাকা এবং ধন্দুল ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। করলা ও লম্বা বেগুনও ১০০ টাকা কেজিতে স্থির রয়েছে। কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা এবং পেঁপে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। রামপুরা বাজারে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান জানান, বাজারে এখন ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।
পেঁপের মতো সাধারণ সবজির দামও এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা চাঁদ মিয়া বলেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম চড়া। তিনি জানান, দাম বাড়ার কারণে ক্রেতারা এখন পরিমাণে অনেক কম সবজি কিনছেন, যা খুচরা ব্যবসায়ীদের বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলছে। নতুন মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কমার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা।
এস এম/ ৮ মে ২০২৬









