প্রাথমিক শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ব্যর্থ হলে শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ

ঢাকা, ৭ মে – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষতা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জুলাই মাসের মধ্যে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। ওই বৈঠকে তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মৌলিক বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেন।
সচিবের নির্দেশনার পর বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের শিক্ষকদের চিঠি পাঠাতে শুরু করেছেন। চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের অন্তত পাঁচ পৃষ্ঠা জোরে শব্দ করে পড়াতে হবে। একই সঙ্গে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগের ওপর জোর দিতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আগামী জুন মাসের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিত এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ৯০ শতাংশ দক্ষতা নিশ্চিত করতে হবে। জুলাই মাসের মধ্যে তা শতভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই প্রেক্ষাপটে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন জানান, সচিবের সিদ্ধান্ত অনুযায়ী তারা মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছেন। মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
এনএন/ ৭ মে ২০২৬









