ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে নিহত

গাজা, ৭ মে – গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান মধ্যস্থতাকারী খলিল আল-হাইয়ার ছেলে আজম আল-হাইয়া নিহত হয়েছেন। হামাসের সিনিয়র নেতা বাসসেম নাঈম এই খবরটি নিশ্চিত করেছেন। গত বুধবার রাতে ইসরায়েলি হামলায় আজম গুরুতরভাবে আহত হন এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনার মধ্য দিয়ে খলিল আল-হাইয়ার মোট চারজন সন্তান ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারালেন। এর আগে ২০০৮ এবং ২০১৪ সালে পৃথক হামলায় এবং গত বছর দোহায় চালানো আক্রমণে তার অন্য তিন ছেলে নিহত হন। খলিল আল-হাইয়া নিজেও এর আগে একাধিকবার ইসরায়েলি গুপ্তহত্যার চেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন।
ছেলের মৃত্যুর সংবাদ আনুষ্ঠানিকভাবে পাওয়ার আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খলিল আল-হাইয়া অভিযোগ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নস্যাৎ করতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, এই আগ্রাসন প্রমাণ করে যে দখলদার বাহিনী কোনোভাবেই যুদ্ধবিরতি মানতে চায় না। আল-হাইয়া এই হত্যাকাণ্ডকে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ধারাবাহিক নিপীড়নের অংশ হিসেবে বর্ণনা করেন। হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হত্যা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে ইসরায়েল।
উল্লেখ্য যে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল পরিকল্পিতভাবে হামলা জোরদার করছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮৩৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৮১ জন আহত হয়েছেন। দীর্ঘ দুই বছরের বিধ্বংসী যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এস এম/ ৭ মে ২০২৬









