জাতীয়

১৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ও নদীবন্দরে সতর্কতা সংকেত

ঢাকা, ৭ মে – দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১ নম্বর সংকেত জারি করা হয়েছে।

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এনএন/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language