জাতীয়

জ্বালানি তেলের দাম অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে: মাহদী আমিন

ঢাকা, ৬ মে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন দাবি করেছেন যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, শুরুর দিকে জ্বালানি খাতে কিছু সংকট দেখা দিলেও সরকার দেশি বিদেশি বিশেষজ্ঞদের সাথে আলোচনা এবং আন্তর্জাতিক পর্যায়ে দরকষাকষির মাধ্যমে বিকল্প উৎস নিশ্চিত করেছে।

বর্তমানে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং ডিমান্ড অনুযায়ী সরবরাহ বজায় রাখা হচ্ছে। বুধবার রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান যে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সেগুলোকে সুযোগে রূপান্তর করে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে এবং স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে। তিনি রাজনৈতিক ক্ষেত্রে অপপ্রচার বন্ধ করে সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আগামীর বাংলাদেশে পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থান বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এস এম/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language