পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানি, উত্তপ্ত একাধিক জেলা

কলকাতা, ৬ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। সোমবার রাত থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, ভাঙচুর ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভরত প্রসূন কর এবং একজন কনস্টেবল। একটি বাড়ি থেকে ছোঁড়া গুলিতে ওসির পায়ে আঘাত লাগে। তাদের উদ্ধার করে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাঙড়ের নিমকুড়িয়া ও বেঁওতা এলাকায় ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে।

তৃণমূলের দাবি, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এবং বিজেপি কর্মীরা এই তাণ্ডব চালিয়েছে। এমনকি এক নারীসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও পাওয়া গেছে।

সহিংসতার জেরে হাওড়ার উদয়নারায়ণপুরে যাদব বর নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে জয়ের আনন্দে আবির খেলার পর তাকে হত্যা করা হয়েছে বলে দাবি বিজেপির।

অন্যদিকে বীরভূমের নানুরে আবির শেখ নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবি, বিজেপি কর্মীরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।

এছাড়া শিলিগুড়ি, বারুইপুর, কৃষ্ণনগর ও বর্ধমান সহ রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ওয়ার্ডেও দলীয় কার্যালয়ে তাণ্ডব চালানো হয়েছে।

মুর্শিদাবাদের ডোমকলে শফিকুল ইসলাম নামে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছেন যে, রাজ্যের বিভিন্ন স্থানে তাদের তিনশ থেকে চারশ কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং অসংখ্য প্রার্থী আক্রান্ত হয়েছেন। তিনি দলীয় কর্মীদের শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রশাসনের কাছে সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার এবং জয়ের আনন্দে কাউকে আঘাত না করার পরামর্শ দিয়েছেন।

এনএন/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language