পারস্য উপসাগরে মার্কিন ‘উড়ন্ত গ্যাস স্টেশন’ নিখোঁজ: জারি করা হয়েছিল জরুরি সংকেত

তেহরান, ৫ মে – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের আকাশে উড্ডয়নকালে নিখোঁজ হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি কেসি ১৩৫ স্ট্র্যাটোটেঙ্কার। কাতার উপকূলের কাছাকাছি অবস্থানকালে বিমানটি থেকে ৭৭০০ কোড ব্যবহার করে ইন-ফ্লাইট জরুরি বিপদের সংকেত পাঠানো হয়েছিল। এর কিছুক্ষণ পরই রাডার থেকে বিমানটির সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এই বিশেষ বিমানটি। উড্ডয়নের পর এটি আকাশে বেশ কিছুক্ষণ চক্কর দেয় এবং পরবর্তীতে অবতরণের জন্য উচ্চতা কমাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই রাডার থেকে এটি অদৃশ্য হয়ে যায়। উল্লেখ্য যে, এই কেসি ১৩৫ বিমানটিকে উড়ন্ত গ্যাস স্টেশন হিসেবে অভিহিত করা হয়।
এটি আকাশপথে অন্য যুদ্ধবিমান বা বোমারু বিমানে জ্বালানি সরবরাহে সক্ষম। বিমানটির বর্তমান অবস্থা বা এতে কর্মরত ব্যক্তিদের বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ প্রথম এই নিখোঁজ হওয়ার খবরটি প্রকাশ্যে আনে। তবে এই ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না সে সম্পর্কে তেহরান এখন পর্যন্ত নীরব রয়েছে।
চলতি বছরের মার্চ মাসে পশ্চিম ইরাকে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলায় আরও একটি মার্কিন কেসি ১৩৫ বিমান বিধ্বস্ত হয়েছিল। ফলে বর্তমান প্রেক্ষাপটে এই বিমানটির নিখোঁজ হওয়া নিয়ে বিভিন্ন মহলে রহস্য তৈরি হয়েছে। প্রায় ৬০ বছর ধরে মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে এই বোয়িং কেসি ১৩৫। এটি জ্বালানি সরবরাহ ছাড়াও মালামাল পরিবহন ও জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত থাকে।
এস এম/ ৫ মে ২০২৬









