আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার তীব্র নিন্দা

লন্ডন, ৫ মে – সংযুক্ত আরব আমিরাতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। দেশগুলো পৃথক বিবৃতিতে এই হামলাকে অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলার কঠোর সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার অবশ্যই রোধ করতে হবে।
তিনি আরও জানান, উপসাগরীয় অঞ্চলের অংশীদারদের প্রতিরক্ষায় যুক্তরাজ্য সবসময় সমর্থন দিয়ে যাবে। ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধানের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার ওপর জোর দেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, আরব আমিরাত ও তার মিত্রদের ভূখণ্ড রক্ষায় ফ্রান্স সবসময় পাশে থাকবে।
তিনি বর্তমান সংকট সমাধানে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি টেকসই চুক্তির প্রস্তাব দেন। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে আমিরাতের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি জানান, বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষায় আমিরাতের প্রচেষ্টাকে তারা সাধুবাদ জানান এবং উত্তেজনা কমানোর ওপর জোর দেন।
সোমবার আমিরাত কর্তৃপক্ষ জানায়, তারা ইরান থেকে ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এই হামলাকে বিশ্বাসঘাতকতামূলক উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এস এম/ ৫ মে ২০২৬









