এশিয়া

ফিলিপাইনে মায়োন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ

ম্যানিলা, ৫ মে – ফিলিপাইনের মায়োন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ছড়িয়ে পড়া ছাই ও পাথরের কারণে প্রায় এক লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার দেশটির সিভিল ডিফেন্স অফিস বা ওসিডি জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে বের হওয়া উত্তপ্ত পদার্থ প্রায় এক কিলোমিটার উঁচুতে উঠে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে। এর ফলে দেশটির ৮৭টি গ্রামের জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সিভিল ডিফেন্স অফিসের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার ৪৩৮টি পরিবার বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এছাড়া আশ্রয়কেন্দ্রের বাইরে আরও ২৬টি পরিবারকে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। দেশের সবচেয়ে সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে নির্গত গরম ছাই ও পাথরের স্তরে একটি বড় শহরসহ দুটি ছোট শহর প্রায় পুরোপুরি ঢেকে গেছে।

গত শনিবার প্রায় এক ঘণ্টাব্যাপী স্থায়ী হওয়া এই অগ্ন্যুৎপাতটি জানুয়ারি মাসের পর সবচেয়ে শক্তিশালী ছিল। বাড়িঘরের ছাদ, রাস্তাঘাট এবং যানবাহনের ওপর প্রায় তিন ইঞ্চি পর্যন্ত ছাইয়ের স্তর জমে থাকতে দেখা গেছে। বর্তমানে স্থানীয় বাসিন্দা ও সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে এই ছাই পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে।

অগ্ন্যুৎপাতের ঘটনার দুই দিন পর ওই অঞ্চলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও আগ্নেয়গিরির ছয় কিলোমিটার এলাকার মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকি এড়াতে ওই এলাকার বাসিন্দারা আপাতত তাদের বাড়িতে ফিরতে পারবেন না।

এস এম/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language