এজেন্টদের গণনাকেন্দ্র না ছাড়ার নির্দেশ মমতার, দিলেন জরুরি বার্তা

কলকাতা, ৪ মে – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও এজেন্টদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দুপুরে প্রকাশিত এই বার্তায় তিনি কাউন্টিং এজেন্টদের কোনোভাবেই গণনাকেন্দ্র ছেড়ে না যাওয়ার অনুরোধ জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে এটি ভারতীয় জনতা পার্টির একটি সুপরিকল্পিত কৌশল। তার দাবি অনুযায়ী গণনার শুরুর দিকে বিজেপি এগিয়ে থাকা আসনগুলোর ফলাফল আগে দেখানো হচ্ছে এবং তৃণমূলের এগিয়ে থাকা আসনগুলো পরে প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে। এমনকি কল্যাণীসহ বিভিন্ন স্থানে ভোটদান যন্ত্রে বা ইভিএমে অসংগতি পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
তৃণমূল নেত্রী অভিযোগ তোলেন যে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় তৃণমূলের ওপর অত্যাচার চালানো হচ্ছে এবং তাদের অফিস দখল করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং দাবি করেন যে কমিশন তৃণমূলের এগিয়ে থাকা অনেক আসনের তথ্য প্রকাশ করছে না।
দলের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে মমতা বলেন যে মাত্র কয়েক রাউন্ড গণনা শেষ হয়েছে। ১৮ থেকে ১৯ রাউন্ড গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। সূর্যাস্তের পর তৃণমূলের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি দলীয় কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান।
এস এম/ ৪ মে ২০২৬









