যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে সরকার: শামা ওবায়েদ

ঢাকা, ৪ মে – যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থীর পরিবারের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ফ্লোরিডায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
ঘটনার সঠিক তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিতে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নিহত লিমন ও বৃষ্টির পরিবার শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবেন। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ হস্তান্তর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ আরও জানান যে, লিমনের পর অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। এদিন সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় অবতরণ করে। মরদেহ গ্রহণের পর লিমনের স্বজনরা জানান, তাকে দাফনের জন্য জামালপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
এস এম/ ৪ মে ২০২৬









