বাসিয়া খালের দুই তীরে ৫০ হাজার গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট, ২ মে – সিলেটের বাসিয়া খাল পুনঃখননের সুফল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর খালের দুই তীরে অন্তত ৫০ হাজার গাছ লাগানো হবে। রোপিত গাছগুলোর ছায়ায় স্থানীয় বাসিন্দারা তাদের অবসর সময় কাটাতে পারবেন এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন।
এছাড়া স্থানীয়দের পুষ্টি ও স্বাদের কথা বিবেচনা করে সেখানে বিভিন্ন ধরনের ফলদ গাছ লাগানোর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি জানান।
শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি সিলেটের পর্যটন খাতের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।
খনন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ২ মে ২০২৬









