জাতীয়

যক্ষ্মা নির্মূলে বাংলাদেশকে ৬ লাখ টেস্ট কিট ও ওষুধ দিল যুক্তরাষ্ট্র

ঢাকা, ৩০ এপ্রিল – বাংলাদেশ সরকারকে যক্ষ্মা রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য বড় ধরনের সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র সরকার। এই সহায়তার আওতায় যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদের জন্য ১১ হাজার যক্ষ্মার চিকিৎসা ওষুধের কোর্স হস্তান্তর করা হয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি শীর্ষস্থানীয় যক্ষ্মা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সরঞ্জামগুলো হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা প্রভাত চন্দ্র বিশ্বাস।

সংশ্লিষ্টরা জানিয়েছেন এই অনুদান দেশের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির গুরুত্বপূর্ণ সরবরাহ ঘাটতি পূরণে সহায়ক হবে। দ্বিপাক্ষিক স্বাস্থ্য অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের নতুন পাঁচ বছর মেয়াদি কাঠামোর আওতায় বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে। এটি বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language