পশ্চিমবঙ্গের বুথফেরত সমীক্ষায় বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

কলকাতা, ৩০ এপ্রিল – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে। ২৯৪ আসনের এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন। বৃহস্পতিবার প্রকাশিত অধিকাংশ বুথফেরত সমীক্ষায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বেশ কিছু ভারতীয় সমীক্ষা অনুযায়ী, এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার অতিক্রম করে এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল। আনন্দবাজার ডট কমের সমীক্ষায় বিজেপিকে ১৪৬ থেকে ১৬১টি আসনে এগিয়ে রাখা হয়েছে, যেখানে তৃণমূল পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন। এছাড়া চাণক্য স্ট্র্যাটেজি এবং পোল ডায়েরির মতো সংস্থাগুলো বিজেপিকে ১৫০-এর বেশি আসনে জয়ী হওয়ার পূর্বাভাস দিয়েছে।
তবে এই চিত্রের বিপরীতে ভিন্ন তথ্য দিচ্ছে এবিপি আনন্দ ও পিপলস পালসের মতো কিছু সমীক্ষা। তাদের দাবি অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ১৯৫ থেকে ২০৫টি আসন পেয়ে পুনরায় রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারে। তবে প্রায় সব সমীক্ষাতেই বাম এবং কংগ্রেস জোটের ফলাফল অত্যন্ত হতাশাজনক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সোমবার ৪ মে চূড়ান্ত ভোটগণনা শেষে স্পষ্ট হবে কার হাতে যাচ্ছে পশ্চিমবঙ্গের শাসনভার। সামগ্রিক বুথফেরত সমীক্ষা বিশ্লেষণ করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বিজেপি এগিয়ে থাকলেও কিছু একক সমীক্ষায় তৃণমূলকে বড় ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









