ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু: ২১ হাজার ভোটারের রায় প্রদানের অপেক্ষা

ঢাকা, ২৯ এপ্রিল – দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬ থেকে ২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার টানা দুই দিনব্যাপী এই ভোটগ্রহণে ভোটাররা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের প্রতিনিধি নির্বাচন করবেন।
এবারের নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বা নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ বা সবুজ প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। উভয় প্যানেলে ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিভিন্ন পদে আরও ৯ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে না। তবে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ ঘরানার কয়েকজন প্রার্থী লড়াই করার আগ্রহ দেখালেও অনুমতি না পাওয়ার অভিযোগ রয়েছে।
নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান লড়ছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস. এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সদস্য পদের ব্যালটে ১০টির কম বা বেশি ভোট প্রদান করলে ওই পদের ভোট বাতিল বলে গণ্য হবে।
এনএন/ ২৯ এপ্রিল ২০২৬









