জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৩৪ হাজার ছাড়ালো

ঢাকা, ২৮ এপ্রিল – সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ২২৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছেন ১ হাজার ২৭৬ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই লক্ষণে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে।

অন্যদিকে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা বর্তমানে ৪ হাজার ৮৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৩ হাজার ৩৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে একই সময়ে ১৯ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language