দেশে জঙ্গি তৎপরতা নেই, এটি ছিল বিগত সরকারের রাজনৈতিক হাতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৮ এপ্রিল – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন যে বর্তমানে দেশে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন আমলে এই শব্দটি মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে বিশ্বের বিভিন্ন দেশে উগ্রপন্থি বা মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় থাকলেও বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বর্তমানে এ ধরনের কোনো কার্যক্রম নেই। সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত এক চিঠির বিষয়ে তিনি স্পষ্ট করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ জাতীয় কোনো চিঠি দেওয়া হয়নি। তবে রাষ্ট্রীয় বিশেষ দিনগুলোতে জননিরাপত্তায় প্রয়োজনীয় সতর্কতা সবসময়ই অবলম্বন করা হয়।
গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই সমূহের নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, এসব স্থাপনার নিরাপত্তা রক্ষায় স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর বা এসওপি অনুযায়ী বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে কাজ করে। নিরাপত্তার এই ধারা আগেও ছিল এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









