মানহানি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া, ২৭ এপ্রিল – মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার এই জামিন মঞ্জুর করেন। এর আগে সকালে আগাম জামিনের আবেদন নিয়ে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। মামলার নথিসূত্রে জানা যায়, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মানহানি মামলাটি দায়ের করেন।
ওই দিনই আদালত তাকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও তিনি উপস্থিত না হওয়ায় পরবর্তীতে পরোয়ানা জারি করা হয়। উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবা পূর্ব আলোচনায় মুফতি আমির হামজা সাবেক মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতেই পরবর্তীতে আইনি প্রক্রিয়া শুরু হয়।
এস এম/ ২৭ এপ্রিল ২০২৬









