জাতীয়

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

ঢাকা, ২৬ এপ্রিল – তীব্র গরমের অবসান ঘটিয়ে রাজধানীতে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। রবিবার দুপুর থেকে মেঘ ও রোদের লুকোচুরি খেলার পর বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষুলধারে বৃষ্টি শুরু হয়। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বিকেলে রাজধানীর বাংলামোটর, কারওয়ান বাজার, সংসদ ভবন এলাকা, হাতিরঝিল, রামপুরা ও বাড্ডা এলাকায় বৃষ্টি নামে।

বৃষ্টির কারণে সাময়িক ভোগান্তি হলেও নগরবাসী এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। অফিস শেষে বাসায় ফেরার পথে আটকে পড়া আশিক মাহমুদ জানান, বৃষ্টির কারণে দেরি হলেও কয়েক দিনের অসহনীয় গরমের পর এমন আবহাওয়া খুবই ভালো লাগছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এই সময়ে বজ্রপাত ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী ৯৬ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। ভারি বর্ষণের ফলে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরির আশঙ্কাও রয়েছে।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language