জাতীয়

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল চীনা জাহাজ

চট্টগ্রাম, ২৬ এপ্রিল – চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার মেট্রিক টন জেট ফুয়েল বা বিমানের জ্বালানি নিয়ে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ শিং তং ৭৯৯। শনিবার বিকেলে জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়।

১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ এই জাহাজটির ড্রাফট বা গভীরতা বেশি হওয়ার কারণে এটি সরাসরি বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারেনি। বর্তমানে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান যে কিছু জ্বালানি খালাসের পর জাহাজের ওজন কমে গেলে সেটিকে বন্দরের জেটিতে নিয়ে আসা হবে।

এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে এমটি গ্রেট প্রিন্সেস নামক একটি ট্যাংকার বন্দরে এসেছিল। এ ছাড়া শনিবার ভোরে দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল বন্দরে নোঙর করেছে।

অন্যদিকে শুক্রবার তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে আসে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কোয়েটা।

জ্বালানি তেলের চাহিদা মেটাতে একের পর এক বিদেশি জাহাজ বন্দরে আসার ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language