ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ঢাকা, ২৬ এপ্রিল – দীর্ঘদিনের তীব্র দহন শেষে অবশেষে রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টির স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকালে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমানের ভ্যাপসা গরম ও তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত না হলেও আজ আবহাওয়া পরিবর্তনের জোরালো ইঙ্গিত রয়েছে।
অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির প্রভাবে এই তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









