ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

ঢাকা, ২৫ এপ্রিল – রাজধানীর জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ১১টি নির্দিষ্ট ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আইসিটি শাখা থেকে সম্প্রতি এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলো থেকে মোটরসাইকেল চালকদের জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করতে হবে।
যে ১১টি ফিলিং স্টেশনে এই নিয়ম কার্যকর হচ্ছে সেগুলো হলো শাপলা চত্বরের করিম অ্যান্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরা এয়ারপোর্ট এলাকার মাসুদ হাসান ফিলিং স্টেশন, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, মিরপুর ১৪ নম্বরের ইব্রাহিমপুরের মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দীন আহম্মদ সরণির মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, গাবতলীর মেসার্স এসপি ফিলিং স্টেশন লিমিটেড, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, উত্তরার সেবা গ্রিন ফিলিং স্টেশন, মিরপুর ২ নম্বরের স্যাম অ্যাসোসিয়েটস এবং কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন।
জ্বালানি বিভাগ জানিয়েছে, এই ডিজিটাল উদ্যোগের ফলে জ্বালানি বিক্রির তথ্য সংরক্ষণে গতি আসবে এবং গ্রাহক সেবার মান অনেক উন্নত হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট সকলকে এই প্রক্রিয়া অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









