গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত, পুলিশ সদস্যদের লক্ষ্য করে আক্রমণের অভিযোগ

গাজা, ২৫ এপ্রিল – গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় যে শুক্রবার গাজার খান ইউনিস এলাকায় একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে চালানো হামলায় আটজন প্রাণ হারান।
নিহতদের মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন। এছাড়া গাজা সিটিতে পৃথক একটি হামলায় দুই পুলিশ কর্মকর্তা এবং উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও দুইজন নিহত হন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানিয়েছে খান ইউনিসে পুলিশ সদস্যরা একটি অভ্যন্তরীণ সংঘর্ষ থামাতে যাওয়ার সময় হামলার শিকার হন।
মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে যে বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলা আসলে দখলদারিত্বের নতুন কৌশল এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ত্রাণ সহায়তার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা পুলিশ সদস্যদের হত্যার ফলে অঞ্চলে খাদ্য সংকট এবং লুটপাটের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলেও জানানো হয়।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









