সব ধর্মের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহ, ২৪ এপ্রিল – বর্তমান সরকার বিএনপির ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারের আলোকে দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার ময়মনসিংহের নান্দাইলে একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মসজিদ, মন্দির ও গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ের জন্য বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার এই নীতিকে সামনে রেখে প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করার অঙ্গীকার বর্তমান সরকারের রয়েছে।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নান্দাইল নির্বাচনী এলাকার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি জানান বিএনপির নির্বাচনী ইশতেহারে ক্রীড়া খাতের উন্নয়ন একটি অন্যতম দিক হিসেবে বিবেচিত হয়েছে।
প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬









