জাতীয়

ডাকসু নেতা ও ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

ঢাকা, ২৪ এপ্রিল – ডাকসু নেতা এবং সারা দেশে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান। তিনি রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ছাত্রশিবিরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় শাহবাগ থানার অভ্যন্তরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং নারী নেত্রী জুমার ওপর ছাত্রদল কর্মীদের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। গণতান্ত্রিক সমাজে নির্বাচিত প্রতিনিধিদের ওপর এমন কাপুরুষোচিত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে ভুয়া আইডি খুলে গুজব ছড়ানোর পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি নিরাপত্তার জন্য জিডি করতে থানায় গেলে পুলিশ তাকে আটকে রাখে। এ খবর পেয়ে ডাকসু নেতারা সেখানে গেলে পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়।

পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে জামায়াত নেতা বলেন, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার বদলে পুলিশের এই আচরণ ফ্যাসিবাদী শাসনব্যবস্থার কথা মনে করিয়ে দেয়।

এছাড়াও বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এবং কুমিল্লার পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের মিছিলে ছাত্রদলের হামলার নিন্দা জানান তিনি। পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language