জাতীয়

২৬ এপ্রিলের মধ্যে সচল হচ্ছে আদানির বন্ধ হওয়া বিদ্যুৎ ইউনিট

ঢাকা, ২৩ এপ্রিল – ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি আগামী ২৬ এপ্রিলের মধ্যে পুনরায় চালু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। তিনি জানান যে কারিগরি ত্রুটির কারণে ওই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

যুগ্মসচিব বলেন যে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে জটিলতা তৈরি হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে এবং দেশজুড়ে লোডশেডিং করতে হচ্ছে।

দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের স্বল্পতার কারণে অর্ধেকের মতো উৎপাদন সম্ভব হচ্ছে। গত বুধবার দেশে বিদ্যুতের চাহিদা ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট থাকলেও উৎপাদন হয়েছে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট। এতে প্রায় দুই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত বুধবার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে আদানির ওই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। হঠাৎ করে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ প্রায় ৭৫০ মেগাওয়াটে নেমে আসে।

পিডিবির সদস্য মো. জহুরুল ইসলাম জানান যে কারিগরি ত্রুটি মেরামতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে এবং শীঘ্রই সরবরাহ স্বাভাবিক হবে।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language