সংসদ চাইলে পুরাতন ডিলারশিপ বাতিল করে নতুন নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ঢাকা, ২৩ এপ্রিল – বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে সৃষ্ট কৃত্রিম সংকট এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে সংসদ চাইলে বর্তমান ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা নেবে সরকার। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে চিফ হুইপ নুরুল ইসলামের এক প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর শেষে ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম অভিযোগ করেন যে, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার পান এবং ফ্যাসিস্টরা যেন বিতাড়িত হয়, সেজন্য পুরাতন ডিলার নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন বলে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
চিফ হুইপের এই বক্তব্যের সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান। এরপর স্পিকারের অনুমতি নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চিফ হুইপ যখন প্রস্তাবটি উপস্থাপন করেন তখন দেখা গেছে যে পুরো সংসদ বিষয়টিকে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এ ব্যাপারে যদি পুরো সংসদের সাধারণ সম্মতি থাকে, তবে সরকার অবশ্যই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









