রাজশাহীতে একদিন পর দূরপাল্লার বাস চলাচল শুরু

রাজশাহী, ২২ এপ্রিল – রাজশাহী ও নাটোর বাস মালিকদের মধ্যে বিদ্যমান বিরোধের অবসান ঘটায় দীর্ঘ বিরতির পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে দুই জেলার বাস মালিকদের এক বিশেষ বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বাস চলাচল শুরুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে রাজশাহী ও নাটোরের বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর বাস চলাচলের বিষয়ে সকলে একমত হন। এরপরই দুই জেলার মধ্যে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে। সংশ্লিষ্টরা জানান, একদিন বাস চলাচল বন্ধ থাকায় কাউন্টারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ফলে যাত্রী চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে।
ইতিমধ্যে সব কাউন্টারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা টিকিট বিক্রি ও যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এর আগে মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত মালিকপক্ষের দ্বন্দ্বের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল।
এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, বৈঠকে আগামী পাঁচ দিনের একটি সময়সীমা নেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই যেন গাড়ি চলাচল আর বন্ধ না হয় সে বিষয়ে তারা সজাগ থাকবেন। এখন থেকে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









